ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

 প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন   |   জাতীয়

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার


ডিজিএফআই-এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (২৯ মার্চ) রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবির একটি সূত্র জানায়, এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী  ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে গ্রেপ্তার করা হয় আফজাল নাছেরকে।

আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়।১৯৮৪ সালের ৪ জুলাই তিনি সেনাবাহিনীতে যোগ দেন। ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত তিনি ডিজিএফআইতে দায়িত্ব পালন করেন। এক এগারোর সময়ে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপি নেতাদের নির্যাতনে বার বার নাম আসে এই আফজালের। তার বিরুদ্ধে ভাটারায় জুলাইয়ে একটি হত্যা মামলা আছে।

এর আগে, গত সোমবার রাতে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয় মাসুদ উদ্দিন চৌধুরীকে। পরে পল্টন থানার মামলায় মঙ্গলবার আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি। ওই রিমান্ড শেষে নতুন করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এরপর গত বুধবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি। মিরপুর থানার একটি হত্যা মামলায় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিবি হেফাজতে তাকেও জিজ্ঞাসাবাদ চলছে।


জাতীয় এর আরও খবর: